২০২৬ সালের ৪.৬৭ লাখ থেকে ২০২৭ সালে ৫.০৫ লাখ: হজ খরচ বাড়ানো নিয়ে নানা প্রশ্ন।

মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

 

২০২৬ সালের ৪.৬৭ লাখ থেকে ২০২৭ সালে ৫.০৫ লাখ: হজ খরচ বাড়ানো নিয়ে নানা প্রশ্ন।

প্রতিশ্রুতির পরও ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কারণ, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের সর্বনিম্ন হজ প্যাকেজে ব্যয় বেড়েছে প্রায় ৩৮ হাজার ৪৮১ টাকা।

২০২৬ সালের হজে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ (প্যাকেজ-৩) এর সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। অন্যদিকে ২০২৭ সালের জন্য বর্তমান সরকারের আমলে ঘোষিত সরকারি ব্যবস্থাপনার সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ বেড়েছে ৩৮ হাজার ৪৮১ টাকা। একইভাবে ২০২৬ সালে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ শুরু হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা থেকে। আর ২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেন। তিনি জানান, সৌদি আরবের নতুন ব্যবস্থাপনা, আবাসন, মিনা-আরাফার সার্ভিস, ক্যাটারিং এবং অন্যান্য পরিবর্তনের কারণে প্যাকেজের ব্যয়ে পরিবর্তন এসেছে।

অনুসন্ধানে দেখা যায়, ২০২৬ সালের হজ প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ২০২৭ সালের প্যাকেজে খাবারের খরচ যুক্ত করা হয়েছে। এ খাতে প্রায় ৩৯ হাজার ৫০৮ টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া সৌদি কর্তৃপক্ষ মিনা ও আরাফার সার্ভিস ব্যবস্থায় পরিবর্তন এনেছে।

২০২৬ সালে মিনা-আরাফায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ নামে চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালের হজে তিনটি সার্ভিস প্যাকেজ রাখা হয়েছে। সর্বনিম্ন একটি ক্যাটাগরি বাদ দেওয়ার কারণে অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের দাবি, এসব পরিবর্তনের কারণে প্যাকেজ মূল্য বৃদ্ধি পেয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, সংসদে হজের খরচ কমিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও নতুন প্যাকেজে সাধারণ হাজিদের ব্যয় কেন বাড়ল ?

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমানো হয়েছে। ২০২৬ সালের তুলনায় বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিমান ভাড়া কমলেও সৌদি অংশের বিভিন্ন খরচ বৃদ্ধির কারণে মোট প্যাকেজ ব্যয় কমানো সম্ভব হয়নি।

২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফের কাছাকাছি এবং মদিনায় উন্নত আবাসন সুবিধা রাখা হয়েছে।

আর প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে তুলনামূলক দূরবর্তী এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

প্রতি বছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান। সাধারণ হাজিদের দীর্ঘদিনের দাবি, হজ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যয়ের খাতগুলো পরিষ্কার ভাবে প্রকাশ করা হোক।

২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজে খরচ বৃদ্ধির পেছনে সরকারের ব্যাখ্যা থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে কার্যকর উদ্যোগের মাধ্যমে হজ যাত্রার ব্যয় আরও কমিয়ে আনা হবে।

২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।