হানি টেপে’ ফাঁদে ফেলে অপহরণ, ১ লাখ ৭ হাজার টাকা আদায়: আশুলিয়ায় দুই নারীসহ আটক ৫

ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা  :

হানি টেপে’ ফাঁদে ফেলে অপহরণ, ১ লাখ ৭ হাজার টাকা আদায়: আশুলিয়ায় দুই নারীসহ আটক ৫

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কথিত ‘হানি টেপ’ ও অপহরণকারী চক্রের দুই নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে অপহরণ, মারধর এবং বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া, ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল, বসুন্ধরা ও এরফান মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ। তারা দীর্ঘদিন ধরে কথিত ‘হানি টেপ’ কৌশলে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মো. রাহাত শিকদারের অভিযোগ, মিথ্যা কথা বলে তাকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে একটি স্থানে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তার ব্যাংক হিসাব থেকে ৫৯ হাজার টাকা, বিকাশ থেকে ৪০ হাজার টাকা এবং নগদ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে প্রায় ১ লাখ ৭ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাহাত শিকদার বলেন, “মোসা. রিয়া আক্তার ও তার সহযোগীরা আমাকে অপহরণ করে মারধর করে বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করেছে। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করি।”

অভিযোগের পর বিষয়টি তদন্তে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রিয়াসহ পাঁচজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘হানি টেপ’ ও অপহরণকারী চক্রের দুই নারী ও তিন পুরুষ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্র ও পুলিশের অভিযোগ অনুযায়ী, চক্রটি সুন্দরী নারীদের ব্যবহার করে মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে কৌশলে তাদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে ‘ফিটিং’ করে আটকে রাখা, মারধর এবং ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, এ ধরনের চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোও যাচাই করা হচ্ছে।

ছবি: প্রতীকী