
নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতার অভিযোগ উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া জেলেদের ওপর হামলা চালিয়ে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বন বিভাগ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে।
অপহৃত জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, সাগরে বৈরী আবহাওয়া শুরু হলে বেশ কয়েকটি ফিশিংবোট সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় নিরাপদ আশ্রয় নেয়। রাতের দিকে অস্ত্রধারী বনদস্যুরা জেলেবহরে হামলা চালায়। এ সময় জেলেদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। শনিবার দিবাগত রাত ৮টার দিকে অস্ত্রধারী বনদস্যুরা জেলেবহরে হানা দেয়।
তিনি জানান, দস্যুরা মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। মোট পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবন থেকে পাঁচ জেলেকে অপহরণের বিষয়টি তারা জানতে পেরেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে সহায়তার জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, সাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে জেলেদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় জেলে ও মহাজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অপহৃত পাঁচ জেলেকে দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।