
এস এম আজাহার হোসেন :

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁওয়ের হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়কে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীই ট্যালেন্টপুল কিংবা সাধারণ গ্রেড— কোনো ধরনের বৃত্তিই অর্জন করতে পারেনি। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাঙ্গনে বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে।
অভিভাবকদের দাবি, প্রতি বছর কঠোর ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা হলি ক্রসে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো শিক্ষার মান বজায় রেখে আসছে। সেই প্রতিষ্ঠানের পুরো ব্যাচ থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করছেন।
ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তাদের ভাষ্য, পরীক্ষা শেষে সন্তানরা আত্মবিশ্বাসী ছিল এবং ভালো ফলাফলের প্রত্যাশা করেছিল। কিন্তু প্রকাশিত ফলাফল তাদের হতাশ করেছে। তারা খাতা পুনর্মূল্যায়নসহ পুরো ফলাফল প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন।
অভিভাবকদের মতে, একটি বা দুটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে। কিন্তু দেশের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠানের পুরো ব্যাচের কেউ বৃত্তি না পাওয়া অত্যন্ত অস্বাভাবিক। ফলে খাতা মূল্যায়ন, ফল প্রস্তুত কিংবা তথ্য প্রক্রিয়াকরণের কোনো পর্যায়ে কারিগরি ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজন হলে খাতা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিক্ষাবিদদের মতে, এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত, প্রয়োজনীয় ব্যাখ্যা এবং সঠিক তথ্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে, যদি কোনো কারিগরি বা প্রশাসনিক ত্রুটি থেকে থাকে, তবে তা দ্রুত সংশোধন করে প্রকৃত মেধাবীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা উচিত।