
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশের স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জের মাধ্যমে আদায় করা অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনে চলছে নজিরবিহীন লুটপাট।
সংগঠনটির জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের একক আধিপত্য ও শক্তিশালী সিন্ডিকেটের কবলে পড়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি এখন দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদনে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অকাট্য প্রমাণ মিললেও, কমিশনার কাজী জেবুন্নেছা নিজের পিঠ বাঁচাতে অডিট কার্যক্রমই বন্ধ করে দিয়েছেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কমিশনার পদে প্রার্থী হতে হলে গাইডিংয়ের বেসিক প্রশিক্ষণ ও কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অথচ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২০১৮ সালের নির্বাচনের আগে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের তৎকালীন অধ্যক্ষ কানিজ মাহমুদার কাছ থেকে ২৮ বছর আগের একটি ভুয়া রেঞ্জার সনদ জোগাড় করে জেবুন্নেছা প্রার্থী হন। বিনিময়ে কানিজ মাহমুদাকে নিয়ম ভেঙে রেঞ্জার সাব-কমিটির সদস্য করা হয়। তথ্যমতে, জেবুন্নেছা যখন ওই কলেজে পড়েছেন, তখন কানিজ মাহমুদা সেখানে শিক্ষক বা অধ্যক্ষ ছিলেন না।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘হলদে পাখি’ প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের ওপরও নজর পড়েছে জেবুন্নেছার। কমিটির সদস্যদের গাড়ির প্রস্তাব উপেক্ষা করে তিনি প্রকল্পের বাজেট থেকে ৮৫ লাখ এবং অ্যাসোসিয়েশনের মূল তহবিল থেকে ১৫ লাখ—মোট ১ কোটি টাকা খরচ করে নিজের ব্যবহারের জন্য একটি আলিশান ‘পাজেরো স্পোর্টস জিপ’ কেনেন। সরকারি এই গাড়িটি বর্তমানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন, যার রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি বছর সংগঠনের তহবিল থেকে ১০ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।
শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদনে সংগঠনটির আর্থিক অনিয়মের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অডিট রিপোর্ট অনুযায়ী, নিয়ম বহির্ভূত নিয়োগ, পদোন্নতি ও ভ্যাট ফাঁকি দিয়ে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি করা হয়েছে। চুক্তি ভিত্তিক নিয়োগে অনিয়মে খরচ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌসী আক্তার ডলির মালিকানাধীন ‘ডলি বিউটি পার্লার’-এর ভাড়া বাজার মূল্যের চেয়ে অনেক কম আদায় করে সংগঠনের ৭ লাখ ৩৪ হাজার টাকা ক্ষতি করা হয়েছে। বেইলি রোডের ১০ তলা ভবনের প্রধান কার্যালয়ের অধিকাংশ ফ্লোর বছরের পর বছর খালি পড়ে থাকলেও তা ভাড়ার উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ভবনের উন্নয়ন ফান্ডের ৬০ লাখ টাকার বাজেট থেকে ২০ লাখ টাকা কেটে কমিশনার নিজের অফিস কক্ষ বিলাস বহুল ভাবে সাজিয়েছেন।বার্ষিক কোনো ক্রয় পরিকল্পনা ছাড়াই ২ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং বাল্ক এসএমএস বিলের নামে লোপাট হয়েছে ১ লাখ ২৩ হাজার টাকা।
সংগঠনের নিয়ম অনুযায়ী, জাতীয় কমিশনার সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু চলতি ২০২৬ সালের ১০ মার্চ দ্বিতীয় মেয়াদের সময়সীমা শেষ হওয়ার পরও তিনি অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে আছেন। গত ২৭ ডিসেম্বর জাতীয় সম্মেলনে কোনো পূর্ব এজেন্ডা ছাড়াই তিনি মেয়াদ তিন মেয়াদে উন্নীত করার বিতর্কিত প্রস্তাব তোলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে পকেট ভোটারদের মাধ্যমে ভুয়া স্বাক্ষর সংগ্রহের ঘটনায় সভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবাদ করতে গিয়ে ফারহানা হকসহ বেশ কয়েকজন দক্ষ সদস্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
বিগত সাত বছর ধরে সারা দেশে গাইডিং কার্যক্রম কার্যত স্থবির। জেলা ও উপজেলা পর্যায়ে কোনো নতুন জনবল নিয়োগ দেওয়া হয়নি। নিজের প্রচারণার জন্য সংগঠনের সাড়ে ৪ লাখ টাকা খরচ করে ‘চার বছরের সোনালি অধ্যায়’ নামক পুস্তিকায় শতাধিক নিজের ছবি ছাপিয়েছেন জেবুন্নেছা। মাঠ পর্যায়ে কাজের চেয়ে সভা-সেমিনারের নামে সরকারি অর্থ তছরুপই এখন এই সিন্ডিকেটের মূল লক্ষ্য। এছাড়া ২৭ কোটির ‘হলদে পাখি’ প্রকল্পে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি না থাকলেও প্রশাসনিক প্রশিক্ষণের নামে ব্যয়বহুল কোর্সের আয়োজন করে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।
এই ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তাদের নজরে রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং শিক্ষামন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা হয়েছে। খুব দ্রুতই এর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।