
মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

রাজধানী ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্টেম সেল থেরাপি, অলটারনেটিভ মেডিসিন ও ফাংশনাল মেডিসিনের আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে পরিচিত প্রফেসর ড. এম. মুজিবুল হক দীর্ঘদিন ধরে নিজেকে ‘আমেরিকান বোর্ড সার্টিফায়েড ডাক্তার’, ‘ফাইভ স্টার প্রফেসর’ এবং আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তবে অনুসন্ধানে তাঁর পরিচয়, চিকিৎসা-যোগ্যতা, স্টেম সেল ব্যবসা এবং রোগীদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বিস্ময়কর সব তথ্য উঠে এসেছে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম, সভা-সেমিনার এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছে। প্রতিষ্ঠানটির প্রচারণায় দাবি করা হয়, স্টেম সেল থেরাপির মাধ্যমে বার্ধক্য প্রতিরোধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, পক্ষাঘাত থেকে মুক্তি, ক্যানসার, শারীরিক দুর্বলতা, ওজন বৃদ্ধি, এমনকি প্রতিবন্ধী সন্তানের অবস্থার উন্নতিও সম্ভব। অভিযোগ রয়েছে, বিকল্প চিকিৎসার বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিতে আসা রোগীদের বলা হয়, মাত্র ১০ থেকে ১৫টি স্টেম সেল ইনজেকশন নিলেই বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিটি ইনজেকশনের মূল্য প্রায় ৫ লাখ টাকা হওয়ায় একজন রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা কোর্স সম্পন্ন করতে ব্যয় হয় প্রায় ৫০ থেকে ৭৫ লাখ টাকা।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০টিরও বেশি লিখিত অভিযোগ রয়েছে এবং অসংখ্য ভুক্তভোগী যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের ভাষ্য, উচ্চমূল্যের স্টেম সেল থেরাপি এবং বিভিন্ন খাদ্য-সম্পূরক গ্রহণের পরও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে রোগীদের শারীরিক অবস্থার উন্নতির পরিবর্তে অবনতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের আরও অভিযোগ, চিকিৎসার নামে বিপুল অর্থ নেওয়ার পর অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যোগাযোগ এড়িয়ে যাওয়া হয়। কেউ কেউ জানিয়েছেন, পুনরায় যোগাযোগের চেষ্টা করলে তাঁদের ফোন নম্বর পর্যন্ত ব্লক করে দেওয়া হয়।
অনুসন্ধানী সূত্র এবং প্রতিষ্ঠানের সাবেক কনসালট্যান্টদের বরাতে জানা যায়, স্টেম সেল থেরাপিতে ব্যবহৃত ইনজেকশন গুলো বাংলাদেশে উৎপাদিত নয়। অভিযোগ রয়েছে, গবেষণার উদ্দেশ্যে প্রস্তুতকৃত কিছু ইনজেকশন বিদেশ থেকে বিভিন্ন ভ্রমণকারীর ব্যক্তিগত লাগেজে করে গোপনে দেশে আনা হয়। পরে সেগুলো বিভিন্ন রোগীর শরীরে চিকিৎসার নামে প্রয়োগ করা হয়। কিছু রোগীর ক্ষেত্রে এসব ইনজেকশন মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং জীবনঝুঁকিও তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কোনো ওষুধ বা ইনজেকশন মানবদেহে প্রয়োগের আগে তার নিরাপত্তা, রাসায়নিক বৈশিষ্ট্য, ক্লিনিক্যাল ট্রায়াল, গবেষণালব্ধ প্রমাণ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন হয়। অথচ অভিযুক্ত মুজিবুল হকের ব্যবহৃত স্টেম সেল ইনজেকশনের ক্ষেত্রে এমন কোনো বৈধতা বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। আরও অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়াই প্রায় দুই শতাধিক রোগীর শরীরে এসব স্টেম সেল প্রয়োগ করা হয়েছে। এমনকি মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ উপাদান ব্যবহারের অভিযোগও রয়েছে। কয়েকজন সাবেক কর্মী দাবি করেছেন, মেয়াদোত্তীর্ণ স্টেম সেল ব্যবহারের সময় তাঁদের নিজেদের মধ্যেও সংশয় ছিল এবং তাঁরা এসব চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২৪ সালের মে মাসে বিতর্কিত ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। একই সময়ে জনস্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে সাময়িক ভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদনহীন ওষুধ আমদানি, সংরক্ষণ, বিজ্ঞাপন এবং মানবদেহে প্রয়োগ ‘ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স, ১৯৮২’ (সংশোধিত ২০২৩)-এর বিভিন্ন ধারার আওতায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি মামলাসহ সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস মেডিকেল বোর্ড মুজিবুল হককে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া বা সে ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। বোর্ডের পর্যবেক্ষণে বলা হয়, তিনি নিজেকে বোর্ড-সার্টিফায়েড চিকিৎসক হিসেবে উপস্থাপন করলেও তাঁর কোনো বৈধ চিকিৎসক লাইসেন্স নেই। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন স্থানীয় কমিউনিটি ফোরামেও তাঁকে বিতর্কিত ভুয়া ডাক্তার হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
মুজিবুল হকের শিক্ষাগত ও পেশাগত পরিচয় নিয়েও রয়েছে বড় ধরনের বিতর্ক। তথ্য অনুযায়ী, তিনি কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বা সমমানের চিকিৎসা ডিগ্রি অর্জন করেননি। তাঁর একাডেমিক পটভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। পরে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি ওয়েলনেস প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কোর্স সম্পন্ন করার পর তিনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, তিনি যে সনদের ভিত্তিতে নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দেন, তা আমেরিকান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ওয়েলনেস প্র্যাকটিশনার্স (এএএনডব্লিউপি) নামের একটি প্রতিষ্ঠানের দেওয়া ওয়েলনেস প্রশিক্ষণ সনদ।
প্রতিষ্ঠানটি ন্যাচারোপ্যাথি, হোলিস্টিক হেলথ, নিউট্রিশন ও ওয়েলনেস বিষয়ে প্রশিক্ষণ দিলেও এটি কোনো সরকারি মেডিকেল লাইসেন্স প্রদানকারী সংস্থা নয়।অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না, চিকিৎসা দিতে পারবেন না এবং নিজেদের চিকিৎসক হিসেবে উপস্থাপন করাও গ্রহণযোগ্য নয়। তাদের সনদ কেবল ওয়েলনেস প্রশিক্ষণের স্বীকৃতি, যা কোনো মেডিকেল লাইসেন্সের সমতুল্য নয়। উল্লেখ্য, মুজিবুল হক নিজেকে টেক্সাস ভিত্তিক ‘ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড হেলথ’-এর অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তবে অনুসন্ধানে দাবি করা হয়েছে, ওই নামে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট ঠিকানায় একটি রেস্তোরাঁ ও ফিটনেস সেন্টারের অবস্থান পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ এবং এর বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কেও প্রশ্ন উঠেছে। অনুসন্ধানী সূত্রগুলো দাবি করেছে, প্রচারিত পরিচয়ের সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায়নি।
২০১৯ সালে ‘ইউনিভার্সাল হিলিং বিডি’ নামে একটি ফেসবুক পেজ খুলে অনলাইনে কার্যক্রম শুরু করেন মুজিবুল হক। প্রথমদিকে তিনি ভেষজ ও বিকল্প চিকিৎসা নিয়ে ভিডিও প্রকাশ করতেন।
পরে ২০২১ সালে পেজটির নাম পরিবর্তন করে ‘প্রফেসর ড. মুজিবুল হক’ রাখা হয়। এরপর থেকেই তিনি নিজেকে আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করতে থাকেন। অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্জিত জনপ্রিয়তা এবং লাখো অনুসারীকে ব্যবহার করে তিনি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। পরে সেই আস্থা এবং সমাজের প্রভাবশালী মহলের অজ্ঞাত পৃষ্ঠপোষকতার সুযোগ নিয়ে গড়ে তোলেন একটি সংঘবদ্ধ প্রতারণার জাল।
অভিযোগ রয়েছে, তাঁর প্রতারণার বিষয়টি কেউ প্রকাশ্যে আনতে গেলে প্রথমে মৌখিক ভাবে সমঝোতার চেষ্টা করা হয়।
তাতে ব্যর্থ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, ভিডিও, সংবাদ প্রতিবেদন এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট লক্ষ্য করে সংঘবদ্ধ সাইবার হামলা চালানো হয়। তথ্য মুছে ফেলা, কনটেন্ট অপসারণ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের দাবি, মুজিবুল হকের বিরুদ্ধে প্রকাশিত একাধিক সংবাদ ও ভিডিও প্রতিবেদন সংঘবদ্ধ সাইবার হামলার মাধ্যমে অপসারণ বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাঁদের মতে, এটি স্বাধীন মতপ্রকাশের জন্য একটি গুরুতর হুমকি। তাঁরা জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার পাশাপাশি স্বচ্ছ জবাবদিহির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমে অযাচিত হস্তক্ষেপের অভিযোগেরও দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন তাঁরা।