
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার (সম্মাননা) প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও সদস্যদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান এবং জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। ফলে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার পরিচয় দিতে হবে। তিনি ট্রাফিক সদস্যদের সর্বদা জনবান্ধব ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না আসা একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং গুরুত্বপূর্ণ অর্জন। এই সুনাম ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে। কোনো রিকশাচালক, যানবাহনের চালক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। বরং জনগণের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ হচ্ছে ট্রাফিক পুলিশ। কারণ তাদের প্রতিটি কার্যক্রম জনগণ সরাসরি প্রত্যক্ষ ও মূল্যায়ন করে থাকে। এজন্য ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সততা, দক্ষতা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ট্রাফিক বিভাগের ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন সহকারী ট্রাফিক পরিদর্শক (এটিএসআই) এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।

এসময় পুলিশ কমিশনার বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা লাভ করবেন এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।