সাভারে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মারামারি, সড়ক অবরোধ।

ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

সাভারে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মারামারি, সড়ক অবরোধ!
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হওয়ার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি ইউনিভার্সিটির সামনে আক্রান-চারাবাগ-আশুলিয়া সড়কের খাগান এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ব্যস্ততম সড়কটিতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, পূর্বের দুই বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা এবং নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মারধরে সিটি ইউনিভার্সিটির বিবিএ বিভাগের সাকিব নামের এক শিক্ষার্থী আহত হন। তাঁর বাম চোখে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
পরে বিষয়টি জানাজানি হলে সিটি ইউনিভার্সিটির আরও কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারি হয়। এর জেরে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানা গেছে।
ঘটনার পরও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সড়ক অবরোধ ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।