গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন।

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিবেদক :

গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন।
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত কর’—এই স্লোগানকে সামনে রেখে রংপুর মহানগর নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ও সন্ধ্যায় পর্যায়ক্রমে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একই পরিবারের চারজন মানুষকে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক সেবনের বিষয়টি দেখে ফেলায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে—এমন একটি বিষয় সামনে এলেও ঘটনাটিকে শুধু দুজনকে দায়ী করে শেষ করা যাবে না। এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখতে হবে। হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত তদন্ত চালিয়ে যাওয়ার দাবি জানান তারা।

তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পরিবারের সদস্যদের এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

মানববন্ধন থেকে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন, জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি রংপুর মহানগরসহ সারাদেশে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।