
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব সাজিদুর রহমান।
তবে কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে জেলা ছাত্রদলের এ সিদ্ধান্তের পর টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল ও সংশ্লিষ্ট কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রমে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অপেক্ষা করছেন সংগঠনের নেতাকর্মীরা।