রাজৈরে ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে প্রাইভেটকারে আগুন, এলাকায় আতঙ্ক।

এস এম আজাহার হোসেন,ব্যুরো চিফ মাদারীপুর :

রাজৈরে ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে প্রাইভেটকারে আগুন, এলাকায় আতঙ্ক।
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে একটি ব্যক্তিগত প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী তাঁর ব্যক্তিমালিকানাধীন টয়োটা করোলা প্রাইভেটকারটি বাড়ির সামনে পার্ক করে ঘুমিয়ে পড়েন। ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সামনে রাখা প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় আগুনের তীব্রতায় বিকট শব্দ হলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

খবর পেয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তকে শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।

রাজৈর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।