গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মো: মিঠুন হাসান জাকারিয়া, গোবিপ্রবি প্রতিনিধি:

গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা কার্যক্রম জোরদার, আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নসহ উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো আরও এগিয়ে যেতে পারে।”

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সৌজন্য সাক্ষাতের জন্য বেরোবি উপাচার্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পেলে শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।