
এস. এম. তাজ আশরাফী :

রাজধানীতে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে।
সম্মেলনে দেশের রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করা এবং জাতীয় অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সুযোগ থাকছে। রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ, করদাতাবান্ধব পরিবেশ তৈরি এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহে রাজস্ব আহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে রাজস্ব প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে।