বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলগামী শিশুর মৃত্যু।

দিনাজপুর জেলা প্রতিবেদক :

বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলগামী শিশুর মৃত্যু।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বটতলী এলাকায় শাহী পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সিফাত রায়হান (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রিক্তা বেগম ও দুই বছর বয়সী শিশু সিজান আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌরসভা এলাকার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিফাত রায়হান তার মা রিক্তা বেগমের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী শাহী পরিবহনের একটি মেইল বাস তাদের ধাক্কা দেয়। এতে সিফাত বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত সিফাত ও তার মাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সিফাত রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত রিক্তা বেগম ও শিশু সিজানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি আটক করেন। তবে বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, নিহত শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সিফাত রায়হান ফুলবাড়ী পৌর এলাকার নর্থপয়েন্ট কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উত্তর সুজাপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর আটক বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।