
মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ,খুলনা:

বাগেরহাটের চিতলমারীতে ভুল চিকিৎসায় মুশফিক শেখ (৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়া (৪২) কে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে চিতলমারী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত পল্লী চিকিৎসককে উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। গতকাল রবিবার ১৫ জুন রাত ১০ টার দিকে উপজেলার খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মুশফিক শেখ চরবানিয়ারী ইউনিয়নের চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের ছেলে ও আহত পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়া সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের রঞ্জন ডাকুয়ার ছেলে।
চিতলমারী থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশু মুশফিক খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেট কেটে আহত হয়। পরে তাকে খাসেরহাট বাজারের পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়ার কাছে আনতে তিনি শিশুটির পেটে ১১টি সেলাই দেন এবং ৪টি ইনজেকশন পুশ করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মুশফিক শেখকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত চিকিৎসককে উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আজ সোমবার ১৬ জুন দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গণধোলাইয়ের শিকার পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।