
ইয়াছিন, আরাফাত রাফি, সাভার, ঢাকা :

কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ, বাড়ির মালিকের নীরবতা ঘিরে নানা প্রশ্ন; ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ
ঢাকার আশুলিয়ায় বাইরে থেকে তালাবদ্ধ একটি কক্ষের ভেতর থেকে তরিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকা এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও চাঞ্চল্য।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং এলাকার আব্দুল আউয়াল কাজীর মালিকানাধীন পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার একটি কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করে তরিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তবে বাইরে থেকে কক্ষে তালা লাগানো ছিল কীভাবে, কে বা কারা তালা দিয়েছিল এবং যুবকের মৃত্যুর আগে সেখানে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এ নিয়েই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা।
এদিকে ভবনটির মালিক আব্দুল আউয়াল কাজীর ভূমিকা ও ঘটনার পর তার আচরণ নিয়েও স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় কয়েকজনের দাবি, ওই এলাকায় ‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ’-এর বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং এক পল্লী চিকিৎসকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্রের সঙ্গে বাড়ির মালিকের যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এসব ঘটনার সঙ্গে তরিকুল ইসলামের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের কোনো রহস্য থাকলে তা পরিষ্কার হবে।
তরিকুলের মৃত্যু আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—এ প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে।