
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Bashundhara Group-এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৪২ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি, ১ হাজার ৩২৫ কোটি টাকার অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একাধিক মামলা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, দেশের একাধিক তফসিলি ব্যাংক থেকে পর্যাপ্ত জামানত ছাড়া জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে দুদক। ওই মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, “ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” নীতিমালা লঙ্ঘন করে পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়া ঋণ অনুমোদন করা হয় এবং কিছু ক্ষেত্রে কারখানা পরিদর্শন বা স্টক রিপোর্ট ছাড়াই বিপুল অর্থ ছাড় দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রায় ৫৭৫ কোটি টাকার ফান্ডেড লোন পরবর্তীতে কোনো পরিশোধ ছাড়াই আত্মসাৎ করা হয়েছে।
তদন্তে আরও বলা হচ্ছে, এই বিপুল অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় অর্থ স্থানান্তরের তথ্য যাচাই করছে তদন্ত সংস্থা গুলো।
যুক্তরাজ্যে প্রায় ১ হাজার কোটি টাকার সমপরিমাণ ২৬টি বিলাস বহুল সম্পত্তির খোঁজ পাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া সিঙ্গাপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ঘনিষ্ঠদের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে আদালতের নির্দেশে তদন্ত চলাকালে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের প্রায় ৭০টি ব্যাংক অ্যাকাউন্ট ও শেয়ার ফ্রিজ করা হয়েছে। প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ারও জব্দ করা হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে পরিবারের একাধিক সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক একাধিক মামলা ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, আর সিআইডি মানি লন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং সম্পদের উৎস অনুসন্ধান করছে। পাশাপাশি এনবিআর ও কাস্টমস সহ যৌথ তদন্ত দলও কাজ করছে।
তদন্তে আরও কয়েকটি অভিযোগ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে জমির দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে ঋণ গ্রহণ, আবাসন প্রকল্পে সরকারি জমি ও খাল-বিল দখল, বিটুমিন আমদানিতে প্রায় ২ হাজার কোটি টাকার অনিয়ম ও বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ, এবং স্বর্ণ বাজারে কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান সিন্ডিকেট পরিচালনার অভিযোগ।
তবে সংশ্লিষ্ট সব অভিযোগই বর্তমানে তদন্তাধীন। কোনো আদালত এখনো এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে।