
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বগুড়া শহরে একটি কুকুরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাতেই এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অভিযুক্ত মো. স্বপন (৪৫) গ্রেপ্তার হন। গুরুতর আহত কুকুরটি বর্তমানে প্রাণিসম্পদ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বগুড়া মহানগরের কানুছগাড়ি ইনডিপেনডেন্ট হাসপাতাল এলাকায় আসবাব ব্যবসায়ী মো. স্বপন একটি সাদা-কালো রঙের কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ ওঠে। পরে আহত কুকুরটিকে একটি নর্দমায় ফেলে রাখা হয়।
খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমরান হোসেন, স্থানীয় তরুণ এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসারের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করেন। পরে শহরের একটি পেটস কনসালটেন্সি সেন্টারে নিয়ে যাওয়া হলে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হানের নেতৃত্বে ভেটেরিনারি সার্জন লুৎফর রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসা প্রদান করেন। বর্তমানে কুকুরটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সোমবার রাত প্রায় ৮টার দিকে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বগুড়া সদর থানায় দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তারে ডিবি পুলিশ অভিযান শুরু করে। দিবাগত রাত ১২টার দিকে ডিবি পুলিশ মো. স্বপনকে গ্রেপ্তার করে। এ সময় তিনি পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। পরে তাঁর কাছ থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনো তুচ্ছ অপরাধ নয়; এটি আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান সাংবাদিকদের জানান, আহত অবস্থায় কুকুরটিকে যখন চিকিৎসা কেন্দ্রে আনা হয়, তখন সেটি অচেতন ছিল।
কুকুরটির মেরুদণ্ডে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান সেলাই ও ড্রেসিং করা হয়েছে। বর্তমানে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কুকুরটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে এখনো প্রাণীটি শঙ্কামুক্ত নয়।