খুলনায় রথযাত্রা উপলক্ষে কেএমপির মতবিনিময় সভা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় রথযাত্রা উপলক্ষে কেএমপির মতবিনিময় সভা।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন ভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীর সকল ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের অংশীদার। হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক সংগঠন কেএমপির গুরুত্বপূর্ণ অংশীজন। সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে কেএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর ভারপ্রাপ্ত দায়িত্বেও রয়েছেন; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান; খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষাণ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহাসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।