
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ডিসিআর (দখল/ব্যবহারের অনুমতি সংক্রান্ত রসিদ) দেওয়ার নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের সার্টিফিকেট সহকারী অমৃত কুমারকে হেনস্তার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, পাইকগাছা ভূমি অফিসে কয়েকজন দালালের মাধ্যমে ভিপি সম্পত্তি ও পেরী-ফেরী জায়গার ডিসিআর করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার পরও অনেকের ডিসিআর না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
অভিযোগ রয়েছে, সার্টিফিকেট সহকারী অমৃত কুমারের মাধ্যমে কিংবা তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডিসিআর করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, এভাবে তাদের কাছ থেকে মোট প্রায় ৩০ লাখ টাকা নেওয়া হয়েছে।
এ নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে ভূমি অফিসের সামনে কয়েকজনের সঙ্গে সার্টিফিকেট সহকারী অমৃত কুমারের বাকবিতণ্ডা হয়। এ সময় তাঁকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী আজু মোল্লা গণমাধ্যমকে বলেন, অমৃত কুমার আমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন। ওই টাকা ফেরত দিতে অস্বীকার করায় তাঁর সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে। তবে তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি ঠিক নয়।
অন্য ভুক্তভোগী শামছুজ্জামান গণমাধ্যমকে, আবুল হোসেন ও জয়ত্রী সাধুসহ কয়েকজন অভিযোগ করেন, ডিসিআর করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে।
তাঁদের দাবি, ভূমি অফিসে কয়েকজন দালালের দৌরাত্ম্য রয়েছে এবং তাঁদের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে।
ভুক্তভোগীরা অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্ত করে তাঁদের টাকা ফেরত দেওয়া সহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সার্টিফিকেট সহকারী অমৃত কুমার বলেন, আমাকে অন্যায় ভাবে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে।
পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, যারা তাঁকে ঘুষ দিয়েছেন, তারা অফিসের বাইরে থেকে ঘুষের টাকা আদায় করে নিক।
জানা গেছে, বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কয়েক দফা বৈঠক করলেও এখনো কোনো সমাধান হয়নি। ফলে এ নিয়ে ভূমি অফিসে উত্তেজনা বিরাজ করছে।
পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক বলেন, ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ঘুষ কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সার্টিফিকেট সহকারী অমৃত কুমার দুর্নীতি অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সার্টিফিকেট সহকারী অমৃত কুমারের বক্তব্যে ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি। অভিযোগ গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।