আইনি সহায়তার নামে পুলিশের কনটেন্ট, মানা হচ্ছে না নির্দেশিকা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আইনি সহায়তার নামে পুলিশের কনটেন্ট, মানা হচ্ছে না নির্দেশিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিও, রাস্তায় পুলিশের অভিযান চলছে। লাল রঙের স্কুটি চালিয়ে যাওয়া এক নারীকে হাতের ইশারায় থামানো হলো। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওই নারীর কাছে গিয়ে বললেন, ‘কী দিদি, বাইক তো ভালো চালান। মাথার হেলমেট কোথায় ? ওটাও তো গুরুত্বপূর্ণ।

চালক নারী উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। এরই মধ্যে পুলিশের কর্মকর্তা বলেন, ‘যখন বাসা থেকে বের হয়েছেন, দাদা কিছু বলেনি ? দাদার তো হেলমেটটা মাথায় পরিয়ে দেওয়া উচিত ছিল।

 

পুলিশ ও স্কুটি চালক নারীর কথোপকথনের ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও গত ২৬ আগস্ট ‘ফোর্স–৩৬০ বাই এমএইচ নাইম’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে মন্তব্য করেছেন এক হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন এসেছে প্রায় ৫৫ হাজার।

ভিডিওতে স্কুটি চালক নারীর সঙ্গে কথা বলা পুলিশ কর্মকর্তার নাম সার্জেন্ট এম এইচ নাইম। তিনি ভোলার চরফ্যাশনে কর্মরত। তাঁর দাবি, জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যেসব ভিডিওতে সামাজিক সচেতনতা তৈরি হবে এবং কারও সম্মানহানি হবে না, সেসব ভিডিওই তিনি প্রকাশ করেন। অর্থ উপার্জনের উদ্দেশ্যে এসব করা হয় না বলেও তিনি জানান।

 

পুলিশের কনটেন্টে বাড়ছে ব্যক্তিগত প্রচারণা
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এমন কনটেন্ট এখন নিয়মিতই দেখা যাচ্ছে। শুধু ফেসবুক নয়, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ও লাইকির মতো প্ল্যাটফর্মেও পুলিশের অভিযান, আইনি সহায়তা, আটক ব্যক্তি এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও প্রকাশ করা হচ্ছে।
এতে প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কি নিজেদের অভিযান বা কার্যক্রমের ভিডিও ধারণ করে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করতে পারেন ?

 

অনুসন্ধানে পুলিশের কর্মকর্তাদের ব্যবহৃত ১০৭টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বা পেজের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টের অনেক ভিডিও লাখ লাখবার দেখা হয়েছে। ফলে এসব প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনের সুযোগও তৈরি হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। কাউকে সামাজিক ভাবে হেয় করা কিংবা কোনো ব্যক্তিকে ঘিরে ‘মিডিয়া ট্রায়াল’ তৈরি করা পুলিশের দায়িত্বের অংশ নয়। জনসচেতনতা তৈরির পাশাপাশি ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তা অর্জনের প্রবণতা থাকলে তা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করতে পারে।

 

মানবাধিকার কর্মীদের বক্তব্য, তদন্তের স্বার্থে পুলিশ ভিডিও ধারণ করতে পারে। তবে সেই ভিডিও তদন্তের কাজে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তদন্তাধীন মামলার ভিডিও তদন্তের বাইরে প্রকাশ করা কিংবা অভিযানের দৃশ্য ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে প্রশ্ন তৈরি করে।
হাতকড়া পরা ব্যক্তিকেও ক্যামেরার সামনে
‘ওসি নুর নবী ফ্যানস’ নামের একটি পেজের একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে হাতকড়া লাগানো এক তরুণ দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে থাকা এক পুলিশ সদস্য তরুণকে ক্যামেরার দিকে তাকাতে বলেন এবং তাঁর নাম-পরিচয় জানতে চান।
ভিডিওর এক পর্যায়ে ওই তরুণ কীভাবে চুরি করেছেন এবং তাঁকে কীভাবে আটক করা হয়েছে, তার বর্ণনাও দেওয়া হয়।

 

পুলিশের কোনো অভিযুক্ত বা আসামিকে ক্যামেরার সামনে উপস্থাপনের বিষয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে অনেক ক্ষেত্রে পুলিশি বিজ্ঞপ্তিতে আসামির মুখমণ্ডল অস্পষ্ট করে দেওয়া হয়।
ওই পুলিশ কর্মকর্তার নাম নুর নবী। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে ‘ওসি নুর নবী ফ্যানস’ নামের পেজটি তিনি পরিচালনা করেন না বলে দাবি করেছেন।
তাঁর ভাষ্য, ‘ওই পেজ আমি চালাই না। কে না কে খুলে চালাচ্ছে। পেজে ফ্যানস লেখা আছে। আমার হলে তো ফ্যানস লেখা থাকত না।

 

থানার ওসির নাম ব্যবহার করে পেজ পরিচালনার বিষয়টি তাঁর নজরে এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নুর নবী তো আমি একা নই। আরও নুর নবী থাকতে পারে।
তবে সংশ্লিষ্ট থানা-পুলিশের একটি সূত্রের দাবি, পেজটি ওসি নুর নবী নিজেই পরিচালনা করেন এবং পুলিশ সদস্যদের দিয়ে ভিডিও ধারণ করা হয়। যদিও এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

 

লাখ লাখ অনুসারী পুলিশের বিভিন্ন অ্যাকাউন্টে
অনুসারীর সংখ্যার ভিত্তিতে পাওয়া ১০৭টি অ্যাকাউন্ট বা পেজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
শহীদুল ইসলাম নামের একটি অ্যাকাউন্টের অনুসারী প্রায় ১৬ লাখ, শামীম হাসানের প্রায় ১৬ লাখ, সুজন শ্রাবণের প্রায় ১৩ লাখ, নাইমুর বিপি ০৩-এর প্রায় ১০ লাখ, সার্জেন্ট আনিসুর রহমানের প্রায় ১০ লাখ এবং এশা রহমানের প্রায় ১০ লাখ।

 

এ ছাড়া অলক দে (অলক কুমার দে পিপিএম)-এর অনুসারী প্রায় ৮ লাখ ২২ হাজার, মুখলেচুর রহমানের ৭ লাখ ৪৯ হাজার, আজাদ বিপির ৬ লাখ ৪৭ হাজার, এমডি মশিউর রহমানের (মশিউর ট্রাফিক অ্যান্ড ট্রাভেল) ৫ লাখ ৯৫ হাজার, শিমুল ভাইয়ের ৫ লাখ ২৬ হাজার, মাসুদ আলম ফ্যানের ৪ লাখ ৬৪ হাজার এবং সঞ্জয় গোস্বামী (নিলয় হাবি)-এর প্রায় ৩ লাখ ৯২ হাজার।
আইনি সহায়তা নিয়েও ভিডিও
শহীদুল ইসলাম নামের একটি পেজের একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের বোরকা পরা এক নারী পুলিশের এক সদস্যের কাছে আইনি সহায়তা নিতে এসেছেন।
ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘এই ছোট বোনটি অনেক বিপদে পড়ে আমার কাছে আসছে, একটা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। বোন, আপনার কী সমস্যা হয়েছিল বলেন।’
এরপর ওই নারী তাঁর সমস্যার কথা বলতে শুরু করেন। পুরো ভিডিওতে আবেগঘন পটভূমির সংগীতও ব্যবহার করা হয়েছে।

১১ সেপ্টেম্বর ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয়। পরে এটি প্রায় ৩০ লাখবার দেখা হয়েছে।
একই পেজের আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি মোটর সাইকেলে করে দুই পুলিশ সদস্য ধীরে ধীরে যাচ্ছেন। এ সময় এক ব্যক্তি ‘দাঁড়ান স্যার’, ‘দাঁড়ান স্যার’ বলে তাঁদের পেছনে ছুটছেন।

পুলিশ সদস্য মোটর সাইকেল থামিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ‘কী হয়েছে, বলেন বিষয়টি।’ এরপর ওই ব্যক্তি তাঁর সমস্যার কথা বলতে শুরু করেন।
ওই পুলিশ সদস্যের নাম শহীদুল ইসলাম। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। পেজটি তিনিই পরিচালনা করেন বলে জানা গেছে।

শহীদুল ইসলামের দাবি, তিনি মূলত কোথাও দায়িত্ব পালন করতে গেলে চোখের সামনে কোনো ঘটনা পড়লে সেটি ভিডিও করেন। গরিব ও অসহায় মানুষের সহযোগিতা করার উদ্দেশ্যেই এসব ভিডিও তৈরি করেন। ভিডিও দেখে অন্যরাও সংশ্লিষ্ট মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন, এমন চিন্তা থেকেই কাজগুলো করেন বলে তাঁর বক্তব্য।
তবে তাঁর কিছু ভিডিও দেখলে সেগুলো পরিকল্পিত বা সাজানো বলে মনে হওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে।

দায়িত্ব পালনের সময় ইউনিফর্ম পরে এ ধরনের কনটেন্ট তৈরি করলে সরকারি দায়িত্বে ব্যাঘাত ঘটে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সারা দিনই আমরা ইউনিফর্ম পরে থাকি। ডিউটিতে কোনো সমস্যা হয় না। কাজের ফাঁকেই করি। কখনো কোনো সমস্যা হয়নি।’

পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্পষ্ট নির্দেশিকা
বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫-এর ১০.১২ অনুচ্ছেদ অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য তাঁর অপারেশনাল কার্যক্রমের ভিডিও বা স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারবেন না।

নির্দেশিকার ৬.৫ অনুচ্ছেদে দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকাকে অসদাচরণ ও কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

এ ছাড়া নির্দেশিকার ১২ নম্বর ধারায় বলা হয়েছে, এসব নিয়ম অমান্য করলে তা অপেশাদার আচরণ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অর্থাৎ পুলিশের দায়িত্ব পালন, অভিযান, আটক, তদন্ত বা অন্যান্য অপারেশনাল কার্যক্রমের ভিডিও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে পূর্বানুমতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
অন্যান্য দেশেও রয়েছে বিধিনিষেধ
দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশেও বিধিনিষেধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ পুলিশ সদস্যদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে। সেখানে বিভাগের অনুমতি ছাড়া ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিফর্ম পরা অবস্থার ছবি প্রকাশ অথবা বিভাগের আনুষ্ঠানিক পরিচয়সূচক ব্যাজ, প্রতীক ও লোগো ব্যবহারের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।
ফিলিপাইনেও পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরে দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের বিষয়ে নির্দেশনা রয়েছে।

২০২৬ সালের ২৩ জুন নাইজেরিয়ার পুলিশ বাহিনীর জনসংযোগ কর্মকর্তার বক্তব্যের বরাতে দেশটির সংবাদ মাধ্যম গুলো জানায়, সরকারি অনুমোদন ছাড়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভিডিও তৈরি বা শেয়ার করা, পুলিশের দাপ্তরিক বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা, সংবেদনশীল অভিযান-সংক্রান্ত তথ্য প্রকাশ করা এবং ব্যক্তিগত প্রচার, বিনোদন বা বাণিজ্যিক লাভের জন্য পুলিশের পদমর্যাদা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নাইজেরিয়ার পুলিশ মহাপরিদর্শক ওলাতুঞ্জি দিসুও পুলিশ কর্মকর্তাদের টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে কনটেন্ট তৈরি বা তা থেকে অর্থ উপার্জনের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। নির্দেশনা অমান্য করলে চাকরিচ্যুতি, পদাবনতি, বেতন বাজেয়াপ্ত এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার সতর্কতাও দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, পুলিশের পোশাক পরে কনটেন্ট তৈরি করে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রকাশ করার সুযোগ নেই। এটি নিয়মের ব্যত্যয়।

তিনি বলেন, এ কারণে ইতিপূর্বে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সেই নির্দেশিকা মেনে চলতে হবে। কোনো পুলিশ সদস্য নির্দেশনা অমান্য করছেন এমন অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।