
মো. আলী আজম শেখ, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলামের শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী শোডাউন করেন এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার মহানবমীর শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে নিজড়া হাইস্কুল মাঠ থেকে কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন বের করেন সরদার আকিবুল ইসলাম। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। শোডাউনে ইউনিয়নের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল শোভাযাত্রায় যুক্ত ছিল।
পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় সরদার আকিবুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি। নির্বাচনে ভোটাররা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব। সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাব। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশে থেকে তাঁদের অধিকার আদায়ে কাজ করব।”
নির্বাচন প্রসঙ্গে তিনি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের প্রতি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে সরদার আকিবুল ইসলাম বলেন, জনগণের সমর্থন পেলে নিজড়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।