
মো. জুবায়ের হোসেন :

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নাজিম বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চেয়ারম্যান রানা মোল্লা তাঁর কাছে দেলোয়ার চৌকিদারের অবস্থান জানতে চান। জবাবে নাজিম জানান, দেলোয়ার স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার পরপরই চেয়ারম্যান তাঁকে সবার সামনে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন ওই গ্রাম পুলিশ সদস্য।
এ বিষয়ে গ্রাম পুলিশ সদস্য নাজিম বলেন, “চেয়ারম্যান রানা মোল্লা আমাকে জিজ্ঞাসা করেন, দেলোয়ার চৌকিদার কোথায়। আমি বলি, তিনি স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান জনসম্মুখে আমাকে থাপ্পড় মারেন। আমি গ্রাম পুলিশের পোশাক পরা অবস্থায় দায়িত্ব পালন করছিলাম। এভাবে আমাকে মারার কোনো অধিকার তাঁর নেই।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনতে চান এবং এ ঘটনার আইনগত বিচার দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।