
ক্রাইম নিউজ ডেস্ক :
ছবি – বাধন দত্ত :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এখনও কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। বাসটিতে প্রায় ৪৫- ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। উদ্ধার অভিযান চলমান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করা হয় এবং একে একে মরদেহ উদ্ধার করা হয়। প্রকাশিত তালিকা ও বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন:-রেহেনা আক্তার , রাইয়ান, তাজবিদ (শিশু), মর্জিনা খাতুন, রাজীব বিশ্বাস, জহুরা আক্তার, কাজী সাইফ, নাছিমা, আহনাফ তাহমিদ খান, আরমান (৭ মাস), ইস্রাফিল (৩ বছর)।
নিহতদের মধ্যে নারী: ১১ জন , শিশু: ৮ জন, পুরুষ: ৭ জন । বেঁচে যাওয়া যাত্রীদের মাঝে বিভিন্ন হাসপাতালে রিপোর্ট অনুজায়ী পাওয়া যায়- মো. আলমগীর হোসেন, রহিমা বেগম, সুমন শেখ, রুবেল মিয়া, একজন শিশু (নাম জানা নেই)।
উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই বাসের ভেতরে আটকা পড়ে মারা যান। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল কাজ করছে।