ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’, যাত্রা শুরু ১০ আগস্ট, ২০২৬।

বাঁধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’, যাত্রা শুরু ১০ আগস্ট, ২০২৬।

রাজধানী ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে যাত্রীদের সহজ, দ্রুত ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে আগামী ১০ আগস্ট ২০২৬ থেকে “অভিযাত্রী কমিউটার” নামে নতুন এক জোড়া যাত্রীবাহী কমিউটার ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এ তথ্য জানা যায় বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) কার্যালয় সূত্রে।

রেলওয়ের প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, ট্রেনটির নম্বর ১৩৬/১৩৫। ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। অপরদিকে গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। পুরো যাত্রায় সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট এবং ট্রেনটি প্রায় ১৪৫ কিলোমিটার পথ অতিক্রম করবে।

ট্রেনটিতে মোট ৮টি কোচ থাকবে এবং আসন সংখ্যা ৩৬১টি। সব আসনই শোভন টাইপের কমিউটার শ্রেণির হবে। ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী স্টেশনে যাত্রাবিরতি দেবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এটি ঢাকা লোকোমোটিভ শেডের রেক দিয়ে পরিচালিত হবে এবং রেকে থাকবে একটি ব্রেক ভ্যান, একটি জেনারেটর কার ও ছয়টি কোচ।

এদিকে, কমিউটার শ্রেণিতে ঢাকা থেকে গোপালগঞ্জ ভাড়া ১৪৫ টাকা, মহেশপুর ১২৫ টাকা, ভাঙ্গা জংশন ১১০ টাকা এবং মাওয়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ কমিউটার ট্রেন চালু হলে ঢাকা ও গোপালগঞ্জের পাশাপাশি মধ্যবর্তী এলাকার যাত্রীদের নিয়মিত যাতায়াতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।