
এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১১ বছর বয়সী আরাবী ইসলাম সুবা নামের ওই কিশোরী। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন কিশোরীর বাবা ইমরান রাজীব। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিশোরী সুবার নিখোঁজের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ করছেন। গণমাধ্যম থেকে জানা গেছে, বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সে জন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ( বিহারী কলোনির পাশে ) কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মায়ের চিকিৎসাধীন পরিবার। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অভয়ারণ্য ও বাংলাদেশে আটকে পড়া বিহারিদের মাদক সাম্রাজ্যের আলোচিত নাম মোহাম্মদপুর এলাকা থেকে ১১ বছর বয়সী স্কুল শিক্ষার্থী কিশোরীর নিখোঁজের ঘটনাকে বাংলাদেশে অধিকাংশ মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থাকে দায়ী করেছে। গত ৫ মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিদিনই খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ঘটনা পূর্বের যে কোন সময়ের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।