ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা।

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা ও আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতে দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।

পরিকল্পনার প্রথম ধাপে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও কীটনাশক সরবরাহ, জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

স্কুল-কলেজে ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসা সেবা দিতে জরুরি প্রয়োজনে বাড়িতে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ ও রোগীদের নিয়মিত খোঁজ খবর রাখার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় অন্তত একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবা কেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যার সেবা কেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এসব কেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধা ও স্বেচ্ছাসেবক দল থাকবে।

কর্মসূচি বাস্তবায়নে মেডিক্যাল পর্ষদের চিকিৎসা সেবা সমন্বয় করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয় করবেন মো. মাসুদ পারভেজ বাবু।

সার্বিক ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের চিফ হুইপ রকিবুল ইসলাম বকুল এমপিকে।

আহ্বায়ক এড. শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এছাড়া বিভিন্ন থানার বিএনপি নেতাদের মধ্যে কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. মোহাম্মদ আলী বাবু ও কাজী মিজানুর রহমানকে কমিটিতে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা বলেন, মানবিক সংকটে দলীয় ভেদাভেদ ভুলে নগরবাসীর পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে মহানগর বিএনপি প্রস্তুত।

সংবাদ সম্মেলনে ডা. রফিকুল হক বাবলু, ডা. মোস্তফা কামাল, ডা. এস এম আক্তারুজ্জামান, ডা. হাফিজ, ডা. মশিউর রহমান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, এড. হালিমা আক্তার খানম, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।