
সাবিনা ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ :

পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, গ্রেপ্তার ৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মুসলিম আলী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর মঙ্গলবার ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অবরোধকারীরা সরকারি কাজে বাধা দেন এবং সরকারি কর্মচারীদের ওপর হামলা চালান। এ সময় হত্যার উদ্দেশ্যে আঘাত, পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে।
এ ছাড়া দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে মামলায়।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখকে এক নম্বর আসামি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সরদার, পৌরসভার সাবেক মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ মোট ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর বাইরে অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৫২, ১৮৬, ৩৪১, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৪৩৫, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারাসহ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬, ৭(১), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই মামলায় আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
থানার সেকেন্ড অফিসার মোসলেম আলী জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার পর টুঙ্গিপাড়ায় এ নিয়ে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।