টঙ্গীতে অনলাইন পাখি বিক্রয় চক্রের ২ সদস্য গ্রেফতার, ১৬টি পাখি উদ্ধার।

 আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 টঙ্গীতে অনলাইন পাখি বিক্রয় চক্রের ২ সদস্য গ্রেফতার, ১৬টি পাখি উদ্ধার।

​গাজীপুরের টঙ্গীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন কলের সূত্র ধরে অভিযান চালিয়ে একটি অনলাইন পাখি বিক্রয় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় তাদের হেফাজত থেকে ১৫টি বিপন্ন ময়না এবং ১টি টিয়া পাখিসহ মোট ১৬টি বন্য পাখি উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মো: ইব্রাহীম (৩৬) এবং মাহিদুল ইসলাম (১৮)। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

​পুলিশ ও বন্যপ্রাণী অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর রোডের ব্রাইট মডেল স্কুল সংলগ্ন একটি বাড়িতে অবৈধ ভাবে বন্য পাখি মজুত করে অনলাইনে বিক্রির ব্যবসা চলছিল। বিষয়টি জানতে পেরে বন্যপ্রাণী অধিদপ্তরের একজন পরিদর্শক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চান।

​৯৯৯-এর কলটেকার কনস্টেবল শাহিদা কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে বিষয়টি টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আমানত হোসেন পুরো উদ্ধার অভিযানটির তদারকি ও সমন্বয় সাধন করেন।

​সংবাদ পাওয়ার পর টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বন অধিদপ্তরের টিমের সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়িটি থেকে ১৫টি ময়না পাখি ও ১টি টিয়া পাখি উদ্ধার করা হয় এবং বেআইনিভাবে পাখি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে উক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত পাখিগুলো বন্যপ্রাণী অধিদপ্তরের জিম্মায় রয়েছে