খুলনায় ৯টি আলোচিত অপরাধী গ্রুপ ও ৩০ কিশোর গ্যাংয়ের প্রভাব, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

খুলনায় ৯টি আলোচিত অপরাধী গ্রুপ ও ৩০ কিশোর গ্যাংয়ের প্রভাব, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ।

খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও সহিংস ঘটনার কারণে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র, গোয়েন্দা তথ্য এবং প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এলাকায় ৯টি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ও প্রায় ৩০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে এবং এসব গ্যাংয়ের প্রায় ২০০ সদস্য বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, কিছু সংঘবদ্ধ গ্রুপের প্রভাব ও নিয়ন্ত্রণে এসব কিশোর গ্যাংয়ের একটি অংশ পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মহানগরীর আটটি থানা এলাকায় পুলিশ ১৮১ জন চিহ্নিত অপরাধীর তালিকা প্রস্তুত করেছে। একই সঙ্গে র‌্যাবের প্রাথমিক তালিকায় ৩৩ জন কথিত শীর্ষ অপরাধী ও চাঁদাবাজের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

খুলনায় সবচেয়ে বেশি আলোচিত ৯টি অপরাধী গ্রুপ হিসেবে যাদের নাম উঠে এসেছে, সেগুলো হলো— রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, হুমায়ুন কবীরের হুমা বাহিনী, আশিক বাহিনী, নূর আজিম গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ এবং নাসিমুল গণির নাসিম গ্রুপ।
একাধিক সূত্রের দাবি, এসব গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি, আধিপত্য বিস্তার, ছিনতাই ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের একটি অংশ এসব প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় থেকে অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় আরও কিছু কিশোর গ্যাংয়ের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে ‘গোল্ডেন বয়েজ’, ‘ডেঞ্জার বয়েজ’, ‘টাইগার টিম’, ‘কিং অব রূপসা’ এবং দৌলতপুর ভিত্তিক কিছু সিনিয়র-জুনিয়র গ্রুপ। বিভিন্ন সময়ে এসব গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চলমান থাকলেও অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া অনেকেই জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নগরীর খালিশপুর, নিরালা, বয়রা, বৈকালী, রূপসা, দৌলতপুর ও লবণচরা সহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা ও মহানগরী মিলিয়ে ১১৯টির বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। ২০২৪ সালে মহানগরীতে ৩৬টি এবং জেলা পর্যায়ে ৪৭টিসহ মোট ৮৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। একই সময়ে বিভিন্ন নদী ও জলাশয় থেকে প্রায় অর্ধশতাধিক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

২০২৫ সালেও হত্যা, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা আলোচনায় ছিল। প্রকাশ্যে হামলা, গুলিবর্ষণ, আদালত চত্বরে হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের সংঘর্ষ জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধ চক্রের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নেপথ্যের নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।

সচেতন নাগরিকদের মতে, শুধু মাঠ পর্যায়ের অপরাধীদের গ্রেপ্তার নয়, পুরো অপরাধ কাঠামোর নেপথ্যের শক্তিকে আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়তে পারে।