জোর করে ব্যবসায়ীর চেক-স্ট্যাম্পে স্বাক্ষর, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার।

ক্রাইম নিউজ ডেস্ক :

জোর করে ব্যবসায়ীর চেক-স্ট্যাম্পে স্বাক্ষর, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালে এক আবাসন ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক ব্যাংকের চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোস্তাফিজুর রহমান লিটু। রোববার (৫ জুলাই) বরিশাল নগরীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন রাতে নগরীর একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংক চেক এবং সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিচিত এবং অতীতে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। পূর্বের ব্যবসায়িক বিরোধ ও অর্থ দাবিকে কেন্দ্র করেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।