জিপিএইচ ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ এই গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারের দুই শতাধিক মানুষের বসবাস।

অভিযোগ উঠেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তায় চেকপোস্ট বসিয়ে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ কার্যত ত্রিপুরা জনগোষ্ঠীর চলাচল সীমিত করে রেখেছে। গ্রামবাসীর চলাচলের জন্য ‘বিশেষ টোকেন’ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ত্রিপুরাপাড়ায় যাওয়ার রাস্তার গা ঘেঁষে জিপিএইচ ইস্পাত কারখানার ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে কৌশলে রাস্তার ওপর কারখানার সীমানা দেয়াল নির্মাণ করে সেখানে একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে চারজন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন। গ্রামে প্রবেশ করতে চাইলে তাঁরা আগতদের পরিচয় ও অনুমতি সম্পর্কে জানতে চান।

নিরাপত্তা কর্মীরা গণমাধ্যমকে জানান, ত্রিপুরাপাড়ার বাসিন্দাদের জন্য বিশেষ টোকেন চালু করা হয়েছে। টোকেন প্রদর্শন করলে তাঁদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়।

তবে স্থানীয় ত্রিপুরা বাসিন্দাদের অভিযোগ, তাঁরা টোকেন দেখিয়ে যাতায়াত করতে পারলেও বাইরে থেকে আসা আত্মীয় স্বজনদের নানা প্রশ্নের মুখে পড়তে হয় এবং অনেক সময় ভোগান্তি পোহাতে হয়। তাঁদের ভাষ্য, এই পরিস্থিতিতে ত্রিপুরা পাড়া কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “অনুমতি দিলে আমার চাকরি থাকবে না।”

এ বিষয়ে গত রোববার সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন,
“দুই সপ্তাহ আগে আমরা বিষয়টি জানতে পারি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে রাস্তা বন্ধের সত্যতা পাওয়া গেছে। ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সুলতানা মন্দির ত্রিপুরাপাড়ার প্রবীণ বাসিন্দা বিকারাম ত্রিপুরা (৬০) গণমাধ্যমকে বলেন, তাঁদের গ্রামে ৩১টি পরিবারের দুই শতাধিক মানুষের বসবাস। ২০১৯ সালে জিপিএইচ ইস্পাত কারখানার সম্প্রসারণ কাজের সময় গ্রামে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, চলাচলে এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে বাইরে থেকে আসা আত্মীয় স্বজনকে নানা জিজ্ঞাসাবাদ ও ভোগান্তির মুখে পড়তে হয়।

আদিবাসী ফোরাম, সীতাকুণ্ড ইউনিটের সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে শিশুদের খেলাধুলার জায়গা নেই। শিক্ষার্থীদের স্কুলে যেতে ঝুঁকি নিতে হয়। চারপাশে স্ক্র্যাপ ইয়ার্ড গড়ে ওঠায় পরিবেশ দূষণও বাড়ছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, “জায়গা গুলো আমরা কিনে নিয়েছি। ত্রিপুরা পাড়ার মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করা হয়নি, নিরাপত্তার স্বার্থে চলাচল সীমিত করা হয়েছে।”

চেকপোস্ট স্থাপনের কারণ সম্পর্কে তিনি বলেন, কারখানায় ভারী যন্ত্রপাতি ও লোহার মালামাল থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, “ত্রিপুরা জনগোষ্ঠী আমাদের সম্মানিত নাগরিক। তাঁদের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারও নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”