
এস.এম তাজ আশরাফী :

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ও তফসিল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন স্কুল-কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব কারণে নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তবে ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ আয়োজনের কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আগের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এখন জানুয়ারিকে সম্ভাব্য সময় ধরে পরবর্তী প্রস্তুতি ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সামনে এসেছে। তবে চূড়ান্ত তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিশ্চিত নয়।