গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের রণক্ষেত্র, ৫ পুলিশসহ আহত – ৩০

মো.মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের রণক্ষেত্র, ৫ পুলিশসহ আহত ৩০

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঘোষেরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে কথা-কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়। পরে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের মধ্যে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের রণক্ষেত্র, ৫ পুলিশসহ আহত ৩০

ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।