
আবিদুর রহমান নাহিয়ান :

মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা নির্দেশনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলার দুই সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সোমবার (১৯ অক্টোবর) তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
পরিদর্শনের সময় তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় জেলা পুলিশ তৎপর রয়েছে বলেও জানানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সবার জন্য নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হবে।