
এ জেড আমিনুজ্জামান রিপন :

অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে পুলিশি কার্যক্রম জোরদারের কথা জানালেন পুলিশ সুপার।
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
তিনি দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।