খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিহ্নিত দালালে অতিষ্ঠ রোগীরা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিহ্নিত দালালে অতিষ্ঠ রোগীরা।
খুলনা মেডিকেল কলেজের দৃশ্য

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের প্রথম যে ভোগান্তির মুখে পড়তে হয়, তা হলো রোগী ধরা দালালদের খপ্পরে পড়ে ধারদেনা করে আনা টাকা হারানো এবং অপচিকিৎসার শিকার হওয়া।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেট থেকে বহির্বিভাগ, জরুরি বিভাগ থেকে আন্তঃবিভাগের প্রতিটি ওয়ার্ডেই দালালদের অবাধ আনাগোনা সবার নজরে পড়ে। বহির্বিভাগের চিকিৎসকদের প্রতিটি কক্ষেই বহিরাগত ডায়াগনস্টিক সেন্টারের একাধিক দালাল বসে থাকেন। বিভিন্ন বিভাগে চিকিৎসকদের আশপাশে স্যাম্পল সংগ্রহের যন্ত্রপাতি নিয়ে অবস্থান করেন নানা বয়সী দালাল। তাঁদের বড় একটি অংশ হাসপাতাল থেকেই রোগীদের স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। পরীক্ষার পর ফলাফলও দালালরাই হাসপাতালে রোগী বা তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেন। কখনো রোগীর স্বজনকে বাইরে গিয়ে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করতে হয়। বিনিময়ে রোগীদের গুনতে হয় কয়েক গুণ বেশি অর্থ।
প্রতিদিন হাজার হাজার রোগী বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু সরকারি এই সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে শত শত চিহ্নিত রোগী ধরা দালাল চক্র। এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা গেছে, হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্রে জড়িয়ে পড়েছেন কিছু অসাধু চিকিৎসক, কর্মচারী, আউটসোর্সিং স্টাফ, বহিরাগত দালাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা। ফলে সরকারি হাসপাতালের স্বল্পমূল্যের সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।

আজ সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের কক্ষের আগেই অবস্থান নেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা। সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই হাসপাতালের প্রধান গেট, টিকিট কাউন্টার, করিডর এবং চিকিৎসকদের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকেন তাঁরা। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন দালাল হাসপাতালের বিভিন্ন স্থানে তৎপর থাকেন। তাঁদের অনেকেই সাধারণ পোশাকে থাকেন। ফলে রোগী বা তাঁদের স্বজনদের পক্ষে তাঁদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।জানা গেছে, কিছু ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা প্রতিনিধি প্রতিদিন চিকিৎসকদের কক্ষে গিয়ে যোগাযোগ করেন। কোথাও চিকিৎসক না থাকলে সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রেখে রোগী সংগ্রহের তৎপরতা চালান।
রোগী দেখার সময় অনেক ক্ষেত্রেই পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এই সুযোগে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা রোগীদের নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে যান। হাসপাতালের ভেতরেই নমুনা সংগ্রহ করে বাইরে পরীক্ষা করানো এবং পরে রিপোর্ট সরবরাহ করার ঘটনাও নিয়মিত ঘটছে।
ভুক্তভোগীরা এই প্রতিবেদককে জানান, সরকারি হাসপাতালে যেসব পরীক্ষা স্বল্প খরচে করা সম্ভব, সেগুলোও বিভিন্ন অজুহাতে বাইরে করানো হচ্ছে। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। একজন রোগীর স্বজন বলেন, সরকারি হাসপাতালে যে পরীক্ষার খরচ কয়েক শ টাকা, বাইরে গিয়ে একই পরীক্ষা করতে কয়েক হাজার টাকার বেশি দিতে হয়েছে। পরে জানতে পেরেছি, হাসপাতালেও ওই পরীক্ষা করা সম্ভব।

বহির্বিভাগের টিকিট কাউন্টারও দালাল চক্রের অন্যতম তৎপরতার স্থান। সেখানে অবস্থানরত কিছু ব্যক্তি রোগীদের সঙ্গে এমনভাবে কথা বলেন, যেন তাঁরা হাসপাতালের কর্মচারী। পরে বাইরে ভালো ডাক্তার দেখিয়ে দেব —এ ধরনের প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

একাধিক রোগীর অভিযোগ, সরকারি হাসপাতালে টিকিট কাটার পরও তাঁদের বাইরে নিয়ে গিয়ে নতুন করে চিকিৎসক ভিজিট ফি আদায় করা হয়।

হাসপাতালের প্যাথলজি বিভাগ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সরবরাহ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হরমোন পরীক্ষা, জরুরি ট্রপোনিন টেস্ট, থাইরয়েডের টিএসএইচ সহ প্রায় ৪০ ধরনের পরীক্ষা এখানে করা সম্ভব। এসব পরীক্ষার খরচও বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম।

তারপরও রোগীরা কেন বাইরে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেছে, অনেক রোগীকে এমনভাবে পাঁচ বা ছয়টি পরীক্ষা দেওয়া হয়, যার মধ্যে অধিকাংশ হাসপাতালেই করা সম্ভব হলেও একটি পরীক্ষা বাইরের প্রতিষ্ঠানে করতে হয়। পরে রোগীকে বোঝানো হয়, বাইরে থেকে একসঙ্গে সব পরীক্ষা করিয়ে নেওয়াই সুবিধাজনক। ফলে রোগীরা বাধ্য হয়ে সব পরীক্ষাই বেসরকারি প্রতিষ্ঠানে করান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে বয়রা পুজোখোলা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত এলাকায় গড়ে উঠেছে প্রায় ৩০টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের একটি অংশের ব্যবসার বড় উৎস সরকারি হাসপাতাল থেকে আসা রোগীরা। ফলে হাসপাতাল জুড়ে রোগী সংগ্রহে দালাল নিয়োগ এক ধরনের অলিখিত প্রথায় পরিণত হয়েছে।গত ২০ মে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার চালুর পরও সেটি পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করা সম্ভব হয়নি। ফলে অনেক অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ কারণে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হওয়া রোগীদের একটি অংশ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন।হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পূর্বের জনবল দিয়েই ৫০০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। অথচ প্রতিদিন রোগীর সংখ্যা ধারন ক্ষমতার তিন গুণ ছাড়িয়ে যায়।হাসপাতালের একটি সূত্র জানায়, ৫০০ শয্যার বিপরীতে বর্তমানে তিন গুণেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। এতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এই প্রতিবেদককে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছা করলে রোগী ধরা দালালদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কমিশন ভিত্তিক বাণিজ্যের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন অসংখ্য সাধারণ রোগী সরকারি হাসপাতালের স্বল্পমূল্যের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন