
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয় এবং প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার সংকটের পেছনে দীর্ঘদিন ধরে খাল ও জলাশয় দখল ও অবৈধ ভরাটের অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন জরিপ, প্রশাসনিক নথি এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, নগরীর চিহ্নিত ২২টি প্রধান খাল ও ময়ূর নদীর সঙ্গে সংযুক্ত জলপ্রবাহের বড় অংশ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখল এবং অবৈধ ভরাটের কারণে বাধাগ্রস্ত হয়েছে।
খুলনা অঞ্চলের পরিবেশবাদীদের স্পষ্ট হুঁশিয়ারি—এসব অবৈধ ভরাট অবিলম্বে বন্ধ করা না গেলে ভবিষ্যতে খুলনাকে নিয়ে ‘ডুবন্ত নগরী’র শঙ্কা আরও তীব্র হবে।
খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং পরিবেশবাদী সংগঠন গুলোর তথ্য অনুযায়ী, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ১০৮টিরও বেশি অনুমোদনহীন আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এসব প্রকল্পের অনেকগুলোর বিরুদ্ধে খাল, জলাশয় ও নিচু ভূমি ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
জেলা প্রশাসনের একাধিক জরিপে ২২টি খাল ও ময়ূর নদীর বিভিন্ন অংশে ব্যাপক দখলের চিত্র উঠে এসেছে। এর মধ্যে একটি জরিপেই ৪৬০ জন দখলদারের ৩৮২টি অবৈধ স্থাপনার তথ্য শনাক্ত করা হয়। এছাড়া পূর্বের আরেকটি প্রতিবেদনে ৮১ জন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে খাল দখলের বিষয়ও বিশেষ ভাবে উল্লেখ করা হয়।

একই সাথে খুলনার বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান ও বয়রা অঞ্চলের বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও খাল, জলাশয় এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ ভরাট ও সংকুচিত করার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠন গুলোর দাবি, এসব বাণিজ্যিক কার্যক্রমের ফলে কয়েকটি খাল ও জলপ্রবাহের স্বাভাবিক গতিপথ সম্পূর্ণ বাধাগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে খুলনার পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, আবাসন প্রকল্পের নামে সরকারি খালের ওপর রাস্তা, কালভার্ট, সীমানা প্রাচীর নির্মাণ এবং প্লট উন্নয়নের নামে মাটি ভরাটের কারণে খুলনা নগরীর স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পরিবেশবাদী নেতৃবৃন্দরা জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বা কেবল কৃত্রিম ড্রেন নির্মাণ করে খুলনার জলাবদ্ধতা দূর করা অসম্ভব, যদি না প্রাকৃতিক জলাধারগুলো সচল রাখা যায়। তারা স্পষ্ট করে বলেন, নগরীর ২২টি খাল ও ময়ূর নদ সম্পূর্ণ পুনরুদ্ধার এবং অবৈধ ভরাট স্থায়ী ভাবে বন্ধ করা না গেলে জলাবদ্ধতা নিরসনে গ্রহণ করা শত শত কোটি টাকার প্রকল্পও কোনো কাঙ্ক্ষিত সুফল দেবে না। এটি মূলত রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে এবং খুলনা নগরী এক ভয়াবহ পরিবেশ গত সংকটের মুখে পড়বে।

এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উচ্ছেদ অভিযানের মাধ্যমে বহু অবৈধ স্থাপনা অপসারণ করা হলেও দখল মুক্ত খাল ও জলাশয় পুনরায় দখলের ঝুঁকিতে রয়েছে।
পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদি তদারকি, নিয়মিত নজরদারি এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।