খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলাম-কে খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম-কে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ স্থানান্তর করা হয়েছে।
নতুন এসপি মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) দীর্ঘ সময় ধরে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। কেএমপির দক্ষিণ বিভাগ ও ইএন্ডডি শাখায় দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, তদন্ত কার্যক্রম তদারকি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার পাশাপাশি পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য সহকর্মীদের কাছেও প্রশংসিত ছিলেন। বাংলাদেশ পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিপিএম-সেবা’ পদকে ভূষিত হয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।