
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা বিভাগের যশোর জেলার চৌগাছা থানা পুলিশ সদস্যদের হামলা ও আটকৃত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৪১ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে ৭ জন আটক হয়েছে। গতকাল বুধবার ৭ মে বিকেলে চৌগাছা উপজেলার মাকাপুরসহ আশপাশের এলাকায় পুলিশ, ডিবি ও র্যাব সদস্যরা যৌথ এ অভিযান চালায়। থানা পুলিশের হাতে আটককৃতরা হলো, মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চৌগাছা থানা পুলিশের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চৌগাছার পল্লিতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০৫ জনকে আসামি করা হয়। খুলনার চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমের সাংবাদিকদের জানান, ঘটনার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্তদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার ৬ মে সন্ধ্যায় ওয়ারেন্ট ভুক্ত আসামি সিয়ামকে আটকের সময়ে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।