
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর সদর থানাধীন বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় নৈশকালীন চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুই চিহ্নিত মাদক কারবারীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক মাদক কারবারীর স্ত্রী ও ভাইকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে আনুমানিক রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে বি কে মেইন রোডস্থ বড় মসজিদের পাশে অবস্থিত ‘মা টেলিকম’-এর মালিক মিলন মন্ডল এবং পার্শ্ববর্তী ‘আলতাফ স্টোর’-এর মালিক মো. আলতাফ হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা রাতের আঁধারে দোকান দুটি থেকে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বি কে মেইন রোডস্থ ইসমাইল মঞ্জিলের বাসিন্দা মৃত ইসমাইলের ছেলে পরাগ (৪৪) এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী, স্থানীয়দের দাবি, তিনি নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর বসানো ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাঁর কাছ থেকে মাদক কিনতে দূর-দূরান্ত থেকে উশৃঙ্খল যুবক ও মাদকসেবীরা এলাকায় আসা-যাওয়া করে। তাদের মাধ্যমে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে বলেও অভিযোগ স্থানীয়দের।
চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরে বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডস্থ সাহেব আলী মোড় এলাকার অপর চিহ্নিত মাদক কারবারী জ্যোতির (পিতা: মৃত হিমু) বাড়িতে চড়াও হয়। এ সময় তাঁর বসত ঘরের থাই গ্লাস ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে এক মাদক কারবারীর স্ত্রী ও ভাইকে উদ্ধার করে হেফাজতে নেয়।
খুলনা সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, চুরির ঘটনা এবং পরবর্তীতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ভাঙচুরের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।