আইনজীবীকে আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নারীসহ গ্রেপ্তার – ৩

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আইনজীবীকে আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নারীসহ গ্রেপ্তার - ৩

খুলনায় এক সিভিল আইনজীবীকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ওই আইনজীবীকে উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় বটিয়াঘাটা থানার চক্রাখালী মধ্যপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির এক সদস্যের সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় জমির দলিল দেখানোর কথা বলে ওই আইনজীবীকে বটিয়াঘাটার মরিয়মের বাড়িতে ডেকে নেওয়া হয়।সেখানে নিয়ে তাকে আটকে রেখে মারধর করা হয়। পরে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়।
এ সময় আইনজীবীর বিকাশে থাকা ১৮ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এরপর তার স্ত্রীকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। বটিয়াঘাটার জিরো পয়েন্ট এলাকা থেকে মরিয়ম ও রিনাকে আটক করা হয়।পুলিশের দাবি, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রাখালী মধ্যপাড়ায় মরিয়মের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে রিংকুর হেফাজতে থাকা আইনজীবীকে উদ্ধার করা হয়।

খুলনা থানার এসআই জামাল হোসেন বলেন, পরিচয়ের সূত্র ধরে জমির কাগজপত্র দেখানোর কথা বলে আইনজীবীকে বটিয়াঘাটায় ডেকে নেওয়া হয়। পরে তাকে আটকে রেখে ৫ লাখ টাকা দাবি এবং বিকাশে থাকা ১৮ হাজার ৮০০ টাকা নেওয়া হয়। তার স্ত্রীকে ফোন করেও টাকা দাবি করা হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী একজন সিভিল আইনজীবী।

জমির কাগজ দেখানোর কথা বলে তাকে ডেকে নিয়ে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে মানবাধিকার ও প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।