উপকূলে টানা ৪ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীত—চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

মোহাম্মদ রুমী শরীফ, কুয়াকাটা,পটুয়াখালী :

উপকূলে টানা ৪ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীত—চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা, ১ নম্বর সতর্ক সংকেত জারি।

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে উপকূলীয় জনপদে অব্যাহত রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। পটুয়াখালীর কলাপাড়ায় গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। টানা বৃষ্টি ও শীতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারগুলো।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় অনেকেরই দৈনিক আয় কমে গেছে। অন্যদিকে শীতের আগাম অনুভূতিতে দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে মাঠে থাকা আধা পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। টানা বৃষ্টিতে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও চিটা হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে জলাবদ্ধতা ও অতিরিক্ত বৃষ্টির পানিতে শীতকালীন সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন সবজি চাষিরাও।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

টানা বৃষ্টি ও শীতের এমন পরিস্থিতিতে উপকূলের শ্রমজীবী মানুষ ও কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রতিবেদন: মোহাম্মদ রুমী শরীফ
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
আমাদের কুয়াকাটা নিউজ
সত্যের সন্ধানে, মানুষের পাশে।