কাশিয়ানী থানার অভিযানে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামি ১২ ঘণ্টায় গ্রেপ্তার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

কাশিয়ানী থানার অভিযানে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামি ১২ ঘণ্টায় গ্রেপ্তার।
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিকে মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পুলিশ জানায়, কাশিয়ানী থানার মামলা নং-১০, তারিখ ৬ জুলাই ২০২৬। মামলাটি ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি আল আমিন ব্যাপারী ওরফে আলামিন (৩৭) ফরিদপুর জেলার কোতয়ালী থানার রঘুনন্দপুর এলাকার নুর ইসলাম ব্যাপারীর ছেলে। নিহত বর্না খানম (২৮) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান মুন্সির মেয়ে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন তার স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ জুলাই সকাল প্রায় ১১টার দিকে আল আমিন, তার স্ত্রী বর্না খানম এবং তাদের সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি কাশিয়ানীর ধানকোড়া দক্ষিণপাড়ায় বেড়াতে আসেন।
এরপর ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন তার স্ত্রীকে ডেকে শ্বশুরবাড়ির পেছনের দিকে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে যে-কোনো সময়ে তিনি স্ত্রী বর্না খানমকে হত্যা করেন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে পুকুরের কিনারায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ জানায়, ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ছেলে ইস্রাফিল বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে নিহতের বাবা মিজানুর রহমান মুন্সিসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির পেছনের পুকুরের পূর্ব পাড়ে পানির কিনারায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বর্না খানমের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে কাশিয়ানী থানার এসআই মো. বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পর কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে, মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে প্রধান আসামি আল আমিন ব্যাপারী ওরফে আলামিনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারকের নিকট ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।