ডুমুরিয়ায় দুই খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ডুমুরিয়ায় দুই খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা।

খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিখালী ও বিল ডাকাতিয়ার নিমতলা খাল পুনঃখননে সরকারি নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। খালের পানি অপসারণ না করেই ভাসমান ভেকু দিয়ে পলি-মাটি উত্তোলন করে খালের পাড়ে ফেলা হয়েছে। এ প্রকল্পে ২ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৮৪৩ টাকা বরাদ্দ থাকলেও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের দাবি, এভাবে কাজ করায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির কাঙ্ক্ষিত সুফল এ অঞ্চলের মানুষ পাবে না। ফলে আগামী বর্ষায় আবারও ডুমুরিয়া উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বিল ডাকাতিয়ার নিমতলা খাল পুনঃখননের কাজ বাস্তবে প্রায় ৫০ শতাংশ শেষ হলেও জেলা প্রশাসকের কার্যালয়ে ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কাজে নিয়োগ না দিয়ে তাদের জন্য বরাদ্দ ১ কোটি ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী গুরুত্বপূর্ণ খাল খনন, পুনঃখনন এবং খালপাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার তিনটি খালের প্রস্তাব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ইজিপিপি (অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) প্রকল্পের আওতায় তিনটির মধ্যে দুটি খাল পুনঃখননের অনুমোদন দেওয়া হয়।
কৃষ্ণনগরের নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পাশের আশি ফুট পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ১১ হাজার ৮৪৩ টাকা। এর মধ্যে শ্রমিকদের জন্য বরাদ্দ ৩৯ লাখ ৪৪ হাজার টাকা এবং যন্ত্রের মাধ্যমে খননকাজের জন্য বরাদ্দ ৯০ লাখ ৭১ হাজার ৮৪৩ টাকা।
অন্যদিকে সাহস ডোলডাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালী গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে শ্রমিকদের জন্য ৬৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা এবং যান্ত্রিক খননের জন্য ৬৪ লাখ ৯৪ হাজার ৩৮৮ টাকা বরাদ্দ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সাহস ডোলডাঙ্গা খাল থেকে তেলিখালী গেট পর্যন্ত খননকাজ গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। অপরদিকে কৃষ্ণনগরের নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পাশের আশি ফুট পর্যন্ত ৭ কিলোমিটার খালের কাজ শুরু হয় ১৩ মে। উপজেলা প্রশাসন ওই প্রকল্পের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে ৩০ জুন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন পাঠায়।

২৩ জুন দাখিল করা প্রথম প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৭ কিলোমিটার খালের মধ্যে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অথচ মাত্র পাঁচ দিন পর ৩০ জুন দাখিল করা দ্বিতীয় প্রতিবেদনে কাজের অগ্রগতি ৭১ শতাংশ দেখানো হয়। মাত্র পাঁচ দিনে অতিরিক্ত ২১ শতাংশ কাজ কীভাবে সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিনাক্ষী ব্রহ্ম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নকশা অনুযায়ী পানি অপসারণ করে খাল খননের নির্দেশনা দেন। এছাড়া ১ জুলাই থেকে দুই খালের পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি।

স্থানীয়দের অভিযোগ, খালের কোথাও ৫ ফুট, কোথাও ৭ ফুট, আবার কোথাও ১০ ফুট পর্যন্ত পানি রেখেই ভাসমান ভেকু দিয়ে পলি-মাটি তুলে খালের পাড়ে ফেলা হচ্ছে। প্রকল্প এলাকায় কোনো শ্রমিককেও কাজ করতে দেখা যায়নি। প্রকল্প শুরুর আগে অনেকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হলেও পরে তাদের কাউকেই কাজে নিয়োগ দেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, শ্রমিকদের নামে ভুয়া ব্যাংক হিসাব ও মাস্টার রোল তৈরি করে প্রকল্পের অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডুমুরিয়ায় দুটি খাল পুনঃখননের কাজ জুন মাসে শেষ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, একটি প্রকল্পের শতভাগ এবং অন্যটির ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২৯ শতাংশ কাজ আগামী অর্থ বছরে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, যন্ত্র ও শ্রমিক উভয়ের মাধ্যমেই খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে। সাহস ডোলডাঙ্গা খালের যান্ত্রিক কাজের জন্য ২৫ লাখ টাকা এবং শ্রমিকদের জন্য ১৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তবে কৃষ্ণনগর নিমতলা থেকে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে শ্রমিকদের কোনো অর্থ পরিশোধ করা হয়নি। শুধু যান্ত্রিক খননের জন্য আংশিক ২০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, দুই খালের পাড়ে বৃক্ষরোপণের জন্য ১০ হাজার ২৫০টি গাছ ১৪ লাখ ৩৫ হাজার টাকায় কেনা হয়েছে। বৃষ্টির কারণে বর্তমানে রোপণ করা সম্ভব হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে গাছ গুলো রোপণ করা হবে। শ্রমিকদের কাজের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।

 

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার গণমাধ্যমকে বলেন, প্রকল্পের শর্ত মেনেই খাল পুনঃখননের কাজ করা হয়েছে। দুটি প্রকল্পের মধ্যে একটি শতভাগ এবং অন্যটির ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে পানির স্তর বেড়ে যাওয়ায় কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পাশের আশি ফুট পর্যন্ত অংশের কাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। তাই আগামী অর্থবছরে অবশিষ্ট কাজ শেষ করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

 

তিনি আরও বলেন, খালের বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। তিনি নিজেও একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এবং এ কাজে কোনো অনিয়মের সুযোগ নেই বলে দাবি করেন।