সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ।

নিজস্ব প্রতিবেদক :

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত আনেকে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখার সময় হঠাৎ সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সমাবেশে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত আনেকে

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং সমাবেশ চলাকালে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত আনেকে

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ধারাবাহিক পদযাত্রা ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। সাভারে আয়োজিত সমাবেশ ছিল ওই কর্মসূচিরই অংশ