
এমডি আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

নিখুঁত ভাবে রোগ নির্ণয় এবং থাইরয়েড ও ক্যানসার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসা দিতে প্রতিষ্ঠিত খুলনা পরমাণু চিকিৎসা কেন্দ্র এখন নিজেই রোগাক্রান্ত। সকাল সাড়ে ৮টার আগেই সিরিয়াল নেওয়া বন্ধ হওয়ায় দূর-দূরান্তের রোগীদের ভোগান্তির যেন অন্ত নেই।
জরুরি প্যাথলজি টেস্টের রিপোর্ট পেতে ৮-১০ দিন বিলম্ব, এমনকি অনেক টেস্টের রিপোর্ট এক মাস পরেও দেওয়া হয়—এই অজুহাতে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে।
সেবা কেন্দ্রের বেহাল দশার জন্য ভুক্তভোগীরা দায়ী করছেন পরিচালক ডা. ঝর্ণা দাসকে। যিনি বিভিন্ন ভাবে ম্যানেজ করে টানা ২১ বছরেরও বেশি সময় ধরে একই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
জনবল সংকট ও অব্যবস্থাপনা
জানা গেছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে ১৯৮৩ সালে খুলনা পরমাণু চিকিৎসা কেন্দ্র (ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-ইনমাস) প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়লেও জনবল সংকট প্রকট। ফলে এক পদের কর্মীকে অন্যত্র কাজ করানো ছাড়াও আউটসোর্সিং কর্মচারী দিয়ে চাহিদা পূরণ করা হয়। এতে কাজের মান খারাপ হওয়ার পাশাপাশি আগত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে বাড়ছে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এসবের প্রতিকার চেয়ে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন করেছেন।কেনাকাটায় দুর্নীতি তদন্তের জন্য আবেদন করেছেন কমিশনের পরিচালকের (অর্থ) কাছে।
সরেজমিনে পাওয়া তথ্যানুযায়ী, খুলনা পরমাণু চিকিৎসা কেন্দ্র থেকে নিয়মিত ভাবে রোগীদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। টিকিট কাউন্টারে দায়িত্বরত কর্মচারীরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের এক প্রকার জোড় করেই খুলনার বিভিন্ন বেসরকারি সেন্টারে টেস্ট করানোর জন্য পাঠিয়ে দেন। সাধারণ রোগীদের রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অথচ এই সুযোগটি ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ডা. ঝর্ণা দাস ২০০৫ সালে এখানে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরবর্তীতে তৎকালীন পরিচালক চলে যাওয়ার পর তিনি এই কেন্দ্রের চলতি দায়িত্ব পেয়েছিলেন। তারপর থেকেই বিভিন্ন ভাবে ম্যানেজ করে ২১ বছরের অধিক সময় ধরে তিনি এখানে দায়িত্ব পালন করে আসছেন। এর মাঝে পদোন্নতি পেয়ে তিনি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক হন। টানা এত বছর এক প্রতিষ্ঠানে থাকায় তার স্বেচ্ছাচারিতা চরমে পৌঁছেছে। পরিচালক যখন আল্ট্রাসনোগ্রাম করেন, তখন রোগীদের সঙ্গেও তিনি চরম দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে।এছাড়া, পরমাণু চিকিৎসা কেন্দ্রের চাকরিবিধি অনুযায়ী এক কেন্দ্রে তিন বছরের বেশি কাজ করার সুযোগ নেই। অথচ তিনি কোনো কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিরাগভাজন হলে প্রকাশ্যে অপমান করা, এসিআর খারাপ দেওয়া, এমনকি হয়রানিমূলক ভাবে অন্যত্র বদলি করে থাকেন। অতিষ্ঠ হয়ে কেন্দ্রের ১৪ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি হতে পরিচালকের কাছে আবেদনও করেছিলেন।
সরেজমিনে দেখা গেছে, পরিচালক হওয়ার পর থেকে ডা. ঝর্ণা দাস সরকারি কেন্দ্রে রোগী দেখা থেকে বিরত আছেন। অথচ সপ্তাহে ছয়দিন তিনি খুলনার একাধিক বেসরকারি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম ও টিভিএস টেস্ট করেন। পরমাণু কেন্দ্রের চেয়ে দ্বিগুণেরও বেশি টেস্ট ফি নেওয়া হয় সেখানে। নগরীর কেডিএ অ্যাভিনিউ খলিল চেম্বার মোড়ে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিনি নিয়মিত রোগী দেখেন। বেলা ৩টায় তিনি পরমাণু চিকিৎসা কেন্দ্রের সরকারি গাড়ি যোগে সেখানে আসেন এবং একদিনে এক মেশিনে ১৭ জনের আলট্রাসনো করতে দেখা গেছে তাকে।
সরকারি যানবাহন ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে ব্যক্তিগত ভাবে লাভবান হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কোনো উদ্যোগ নেই।
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে ডা. ঝর্ণা দাসকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, ম্যাডাম ছুটিতে আছেন। আজ এই বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য সরকারি নম্বরে ও ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।