
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার জলিল সরণির পাশে ১৫.৩৭ কাঠা জমির ওপর স্থাপিত খুলনা ওয়াসার ‘বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’টি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বৃহৎ অবকাঠামো। খুলনা শহরের ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) এর আওতায় এই প্ল্যান্টটি স্থাপন করা হয়।
কারখানা ও পানি পরিশোধনাগার নির্মাণে মোট ব্যয় হয় ১৯ কোটি ৭৫ লাখ টাকা। প্ল্যান্টটিতে প্রতি ঘণ্টায় ৮,০০০ লিটার এবং দৈনিক ৮ ঘণ্টা পরিচালনায় মোট ৬৪,০০০ লিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন ও সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধনের সক্ষমতা রয়েছে।
প্রক্রিয়াজাতকরণের পর এই পানি বোতলজাত করে দৈনিক সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৮৮০টি বোতল বাজারজাত করার সক্ষমতা ছিল প্ল্যান্টটির। ‘সুন্দরবন পিওর ড্রিংকিং ওয়াটার’ নামে এই পানি ৩০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার, ২ লিটার, ৩ লিটার ও ৫ লিটার সাইজে এবং ২০ লিটারের জারেও সরবরাহ করা হয়।
২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ভাবে এই বোতলজাত পানির বিক্রি শুরু হয়। শুরুতে ওয়াসার এই পানি ফ্যাক্টরি গেট থেকে নির্দিষ্ট ডিলার এবং সাধারণ গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করা হতো। কম দাম ও তুলনামূলক মানসম্মত হওয়ায় অল্প সময়েই বাজারে কিছুটা গ্রহন যোগ্যতা তৈরি হয়।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট বিপণন নীতি না থাকা, দক্ষ তদারকির অভাব, বিক্রয় ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা এবং ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি প্রত্যাশিত সাফল্য ধরে রাখতে পারেনি। এক সময় সম্ভাবনাময় এই উদ্যোগ ধীরে ধীরে লোকসানের দিকে চলে যায়।
ওয়াসা সূত্রে জানা গেছে, পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০১৮ সালের নভেম্বর থেকে প্ল্যান্টটির কাজ শুরু হয়। উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয় ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে। বোতলজাত পানি উৎপাদন হলেও কার্যকর বাজার সম্প্রসারণ না থাকায় বিক্রি ধারাবাহিক ভাবে কমতে থাকে।
সংশ্লিষ্টদের মতে, প্রকৃত ব্যবসায়ীদের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ, দক্ষ বিক্রয় কর্মীর অভাব, প্রচারণায় সীমাবদ্ধতা এবং কাঁচামাল সংগ্রহে জটিলতার কারণে উৎপাদন ও বাজারজাতকরণ বাধাগ্রস্ত হয়। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও যন্ত্র প্রকৌশলী না থাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যাহত হয়, ফলে যন্ত্রপাতি বারবার বিকল হয়েছে।
ওয়াসার হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছর থেকে বিদায়ী অর্থবছর পর্যন্ত এই প্ল্যান্ট পরিচালনায় ব্যয় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩৬ হাজার ৫৯৪ টাকা, বিপরীতে আয় হয়েছে মাত্র ১ কোটি ২২ হাজার ১৮৫ টাকা। পাঁচ অর্থ বছরে প্রকল্পটির মোট লোকসান দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০৯ টাকা।
এ বিষয়ে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) বলেন, প্ল্যান্টটিকে লাভজনক করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, অতীতে দায়িত্ব পালন করা এক কর্মকর্তা জানান, দক্ষ যন্ত্র প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার নিয়োগ, শক্তিশালী বিপণন টিম গঠন, সময়মতো কাঁচামাল সংগ্রহ এবং আধুনিক বিপণন কৌশল গ্রহণ করা গেলে প্রকল্পটি আবারও লাভজনক অবস্থায় ফিরতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুরু থেকেই বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছ ডিলার নিয়োগ, শক্তিশালী বিপণন নেটওয়ার্ক এবং নিয়মিত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন ছিল। বাজার গবেষণার ভিত্তিতে পণ্যের মূল্য, প্যাকেজিং ও প্রচারণা ঠিক করা গেলে প্রকল্পটি আরও সফল হতে পারত।
দক্ষ ও অভিজ্ঞ বিপণন টিম গঠন, সারা দেশে শক্তিশালী ডিলার নেটওয়ার্ক তৈরি, আধুনিক ও আকর্ষণীয় বোতল ডিজাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নিয়মিত প্রচারণা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা-হাসপাতালে সরবরাহ বৃদ্ধি, সময় মতো কাঁচামাল সংগ্রহ এবং যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এখন জরুরি।
সাধারণ ভোক্তাদের মতে, জনগণের অর্থে নির্মিত একটি সম্ভাবনাময় প্রকল্প যদি সঠিক ব্যবস্থাপনার অভাবে লোকসানে পড়ে, তা দুঃখজনক। তাদের দাবি, কার্যকর পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ‘সুন্দরবন পানি’ দেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হতে পারত।