২-৩ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে চালু হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

 ২-৩ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে চালু হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়েই সাধারণ মানুষ আধুনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
রবিবার গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্‌বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এ লক্ষ্যে দেশের সকল নাগরিকের জন্য পর্যায়ক্রমে ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড (ই-হেলথ কার্ড) ইস্যু করা হবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে গোপালগঞ্জকে দক্ষিণাঞ্চলের একটি আধুনিক স্বাস্থ্য হাবে পরিণত করা হবে।
এর আগে প্রধান অতিথি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন।
‘ভিটামিন-এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে ডা. এস, এম জিয়াউদ্দিন হায়দার শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জেলার সকল অভিভাবকের প্রতি তাদের সন্তানদের এই ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের স্বাস্থ্য নিশ্চিত এবং অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।