ডিভোর্সের জেরে ৩ বছরের কন্যাশিশুকে সড়কে ফেলে চলে গেলেন বাবা-মা, ক্ষোভ স্থানীয়দের।

এস এম  আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :
ডিভোর্সের জেরে ৩ বছরের কন্যাশিশুকে সড়কে ফেলে চলে গেলেন বাবা-মা, ক্ষোভ স্থানীয়দের।

মাদারীপুরে বিবাহবিচ্ছেদের জেরে মাত্র তিন বছরের এক কন্যাশিশুকে সড়কে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। মানবিক মূল্যবোধকে নাড়া দেওয়া এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর শিশুটিকে বাবার কাছে রেখে যেতে মাদারীপুর চৌরাস্তা এলাকায় আসেন তার মা। তবে শিশুটিকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান বাবা। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অবুঝ শিশুটিকে সড়কের ওপর ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন বাবা ও মা—এমন অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ সময় ধরে শিশুটি কান্নাকাটি করলে পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে স্থানীয়দের উদ্যোগে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু কোনো পরিস্থিতির জন্য দায়ী নয়। বাবা-মায়ের পারিবারিক বিরোধের কারণে একটি নিষ্পাপ শিশুকে এভাবে সড়কে ফেলে রেখে যাওয়া অত্যন্ত অমানবিক এবং উদ্বেগজনক।

স্থানীয়রা বলেন, আইন অনুযায়ী সন্তানের ভরণপোষণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাবা-মা উভয়ের দায়িত্ব। এ ধরনের অবহেলা ও পরিত্যাগের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।